।।স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়ে বিপদে পড়ে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। দুই দলের জন্যই প্রায় একই সমীকরণ। হারলেই বাদ পড়তে হবে।
আর জিতলেই সুপার নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অপরদিকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেই, সুপার ফোরে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে শ্রীলঙ্কা।
বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশকে তারা ৫ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করা বাংলাদেশকে ১৬৪ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কার বোলাররা। পেসার মাথিশা পাথিরানা নেন ৪ উইকেট। ১৬৫ রানের টার্গেটে শুরুতে চাপে পড়লেও সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কার জুটিতে ৩৯তম ওভারেই জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। সামারাবিক্রমা ৫৪ ও আসালঙ্কা অপরাজিত ৬২ রান করেন। এর মাধ্যমে শ্রীলঙ্কা ওয়ানডেতে টানা দ্বিতীয় সর্বোচ্চ ১১ ম্যাচ জয়ের নজির গড়ে।
অন্যদিকে গতকাল বাংলাদেশের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। এর ফলে ‘বি’ গ্রুপের দুয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট এখন ০.৩৭৩। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানদের (নেট রানরেট -১.৭৮০) হারিয়ে দেয়, তাহলে এমনিতেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।
আফগানরা গ্রুপের তলানিতেই থেকে যাবে। অন্যদিকে আফগানরা যদি কম ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তারা নেট রানরেটে গ্রুপের তৃতীয় স্থানেই থেকে যাবে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা যাবে সুপার ফোরে।
আর যদি আফগানিস্তান অনেক বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তাদের নেট রানরেট বেড়ে যাবে এবং শ্রীলঙ্কার রানরেট স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। সেটা এতটাই কমবে, বাংলাদেশ চলে যাবে শীর্ষে। কপাল পুড়বে শ্রীলঙ্কার। গ্রুপের শীর্ষে কিংবা দ্বিতীয় স্থানে উঠে সুপার ফোরে যাবে আফগানিস্তান। এই সমীকরণে অফিশিয়াল ঘোষণা না এলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারা বাংলাদেশ আজ নিজেদের রুদ্র রূপ দেখিয়ে দিল আফগানদের বিপক্ষে।





















