।।নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে ‘বর্তমান সাহিত্য চর্চা ও আমাদের করণীয়’ বিষয়ে সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় আলোচনা পর্বে ‘বর্তমান সাহিত্য চর্চা ও আমাদের করণীয়’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন, কবি-গল্পকার ও বালীজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা খান দীপান্বিতা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, কবি কাউসার হোসেন জানু ও মনিরুজ্জামান রাফি। আলোচনা পর্ব শেষে কবি মাহবুবা খান দীপান্বিতা তাঁর লেখা চমৎকার ছড়াপাঠ করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সাহিত্য সংস্কৃতির টানে, মিশি প্রাণে প্রাণে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৫ সালের ২৯ মে থেকে যাত্রা শুরু করে চর্চা সাহিত্য আড্ডা সংগঠনটি। শুরু থেকেই সংগঠনটির উদ্যোগে প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে সাপ্তাহিক সাহিত্য আসর করে আসছে। এসব সাপ্তাহিক আসরে এরইমধ্যে কবি আসাদ চৌধুরীসহ দেশের বরেণ্য কবি সাহিত্যিকরা অংশ গ্রহণ করেছেন। এছাড়া চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে ‘চর্চাপত্র’ ও ‘অতল’ নামে সাহিত্যের ছোটকাগজও প্রকাশিত হয়ে আসছে।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন বলেন, স্থানীয় সাহিত্য সংস্কৃতিকে বিকশিত করা এবং নতুন প্রজন্মকে বইমুখি করাসহ সাহিত্য সংস্কৃতির দিকে ধাবিত করার লক্ষ্যেই কাজ করছে সংগঠনটি। তাই নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরের আয়োজন করাসহ সাহিত্যের ছোটকাগজ ‘চর্চাপত্র’ ও ‘অতল’ প্রকাশ করা হচ্ছে। এতে স্থানীয় সংস্কৃতিকর্মী ও তরুণ প্রজন্ম অনেকটাই উদ্বুদ্ধ হচ্ছেন।





















