হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রহিমা বেগম (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রহিমা ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে গোসল করতে যায়। এ সময় ট্যাংকের পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, বিদ্যুতায়িত রহিমা বেগমকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই গৃহবধূ মারা গিয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






















