আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে যুবক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০২:৩০ অপরাহ্ণ
ফরিদপুরে যুবক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে মো. আছাদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার দায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় দেওয়ার সময় সাজাপ্রাপ্ত ৭ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। আর দুই জন পলাতক ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. বাবুল মিয়া (২২), মো. সাদ্দাম শেখ (২৭), মো. সুরুজ সরদার (২৬), মো. নিশান (২২), মো. রনি (২২), চাঁন মিয়া সরদার (২৮) ও মো. রানা (২০)।

এদের মধ্যে চাঁন মিয়া সরদার ও মো. রানা পলাতক রয়েছেন।

গত ২০১৩ সালের ০৬ মার্চ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ঘটনার ১০ বছর পর সোমবার (১১ সেপ্টেম্বর) এ রায় দিলেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ০৬ মার্চ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার পরিবার পরিকল্পনা অফিসের পাশের একটি ছাত্রাবাসে মাদকের ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে আছাদ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছাদ মারা যান। এ ঘটনায় নিহত আছাদের ভাই আশরাফুল আলম বাদী হয়ে ১১ মার্চ ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ঘটনাটি দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর সাজাপ্রাপ্ত আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পিপি মো. সানোয়ার হোসেন বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ