।।স্পোর্টস ডেস্ক।।
নীলফামারীতে শুরু হয়েছে ‘নীলফামারী চেম্বার অব কমার্স জেলা ফুটবল লিগ’। আজ শুক্রবার বিকালে জেলার শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. গোলাম সবুর। উদ্বোধনী ম্যাচে নীলফামারী খেলোয়ার সমিতি ৩-১ গোলে জলঢাকা ক্রীড়া পরিষদকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস,এম সফিকুল আলম ডাবলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ।
আয়োজকরা জানান, জেলার মোট ৮টি দল ওই টুর্নামেন্টে অংশ নেবে। অপর দলগুলো হলো- সৈয়দপুর ফুটবল একাডেমি, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, নীলফামারী টাউনক্লাব, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি, ডিমলা স্পোটর্স একাডেমি, সেফাউল স্মৃতি সংসদ এবং গোড়গ্রাম। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।





















