আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে বিপ্লব দাস নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব দাস ওই গ্রামের দিলিপ দাসের ছেলে।
পরিবারের লোকজন জানায়, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় বিপ্লব। চারদিকে খোজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





















