।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অভিযোগে এক বেকারীর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৯ নভেম্বর) পৌরসভার জালালপুর মন্ডলপাড়া এলাকার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর মো. হেকমত আলীকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছে হেকমত আলী। অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে তাকে জরিমানা করে আদালত। পরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়।
এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















