মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
সড়ক দুর্ঘনায় আহত ছোট ভাই আলম মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। আর এ খবর শোনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বড় ভাই দুলাল মিয়া (৬০)।
এমন ঘটনাটি ঘটেছে রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মুধুয়াকোনা গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলা সদর থেকে মুধুয়াকোনা গ্রামের বাড়িতে যাওয়ার পথে সাতাশি নামক এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হলে কাপড় ব্যবসায়ী আলম মিয়া (৪৫) আহত হন।
পরে স্বজন তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান আলম মিয়া।
তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে খবর শুনে আলম মিয়ার সহোদর বড় ভাই দুলাল মিয়া (৬০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুলাল মিয়া ও আলম মিয়া মুধুয়াকোনা গ্রামের মৃত আফসর আলীর ছেলে।
এদিকে রবিবার সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দুই ভাইয়েরই দাফন সম্পন্ন করা হয়েছে।





















