আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে অংশ নিতে পদ ছেড়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট দপ্তরে।
মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি দ্বিতীয় দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৯ নভেম্বর)) সকালে এ বিষয়ে তিনি মোবাইল ফোনে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম আমি। কিন্তু কেন হলো না, সেটা আমার জানা নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করলে বিজয় আমার নিশ্চিত।
এ বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান। তিনি বলেন, আমার মাধ্যমে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পাঠানো হয়েছে। সেটি গৃহীত হয়েছে কি না এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।





















