।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের অরুণাচল প্রদেশ ও পূর্ব লাদাখের অক্ষয় চীন অঞ্চলকে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে বেইজিং। এনিয়ে ভারতের আপত্তির মুখে চীনের দাবি এটি তাদের আইন অনুযায়ী সার্বভৌমত্বের নিয়মিত চর্চা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আশা করবো সংশ্লিষ্ট পক্ষ বস্তুনিষ্ঠ এবং শান্ত থাকবে এবং ইস্যুটি অতি-রঞ্জিত বর্ণনা করা থেকে বিরত থাকবে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করে বলেন, এই ধরনের মানচিত্র প্রকাশের অভ্যাস চীনের আছে। তিনি বলেন, চীন তাদের অঞ্চল না হলেও সেটি রেখে মানচিত্র প্রকাশ করেছে। এটা তাদের পুরনো অভ্যাস। ভারতের অংশ নিয়ে মানচিত্র প্রকাশ করেছে… এতে কিছুই বদলাবে না। আমাদের সীমানা নিয়ে সরকার অত্যন্ত স্পষ্ট। অসাড় দাবি করলেই অন্যের সীমানা আপনার হয়ে যাবে না।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের নতুন মানচিত্রের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক এক্স বার্তায় লিখেছেন, কোনো ভিত্তি না থাকায় আমরা ওই দাবি প্রত্যাখ্যান করছি। চীনা পক্ষের এমন দাবিতে কেবল সীমান্ত প্রশ্নের সমাধান জটিল করে তুলবে।
আগামী সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হতে যাচ্ছে জি২০ সম্মেলন। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলনেও চীনা প্রেসিডেন্টের যোগ দেয়ার কথা রয়েছে। এর মধ্যে চীনের তরফে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে।





















