।।বিশেষ প্রতিবেদক।।
সরকার পতনের একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণার জন্য ১৫ জুলাই দিনটি ঠিক করে রেখেছিল রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। সূত্র বলছে, হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করা হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক প্রতিনিধিদল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকে ঘিরেই এমন পদক্ষেপ। নতুন করে বেছে নেওয়া হয় ১২ জুলাই দিনটিকে। কেননা সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চায় যে, তারা এই সরকারের পতনের আন্দোলনে চূড়ান্ত ধাপে নেমেছে। এদিকে একইদিন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোট আলাদা আলাদা মঞ্চ থেকে সরকার পতনের একদফার ঘোষণা দেবে। তাদের অনেকেই ইতোমধ্যে সমাবেশের স্থান ও সময় চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
শনিবারের এক ঘণ্টার এক বৈঠকে ১২ জুলাই দিনটিকে ঠিক করা হয় একদফা ঘোষণার সমাবেশের জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গসংগঠনের একজন শীর্ষ নেতা ছিলেন বৈঠকে। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, চলমান আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে বিরোধী দলগুলোকে এক মঞ্চে নিতে চায় তার দল।
১২ জুলাই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় ওই সমাবেশে বিশাল শোডাউনের প্রস্তুতি শুরু করেছে দলটি। দলীয় সূত্র বলছে, একদফার ঘোষণার দিনই নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিতে চান তারা। অতীতের যে কোনো সময়ের চেয়ে দল গোছানো ও নেতাকর্মীরা সংঘবদ্ধ সেই বার্তাও দেওয়ার চেষ্টা করা হবে। একইসঙ্গে নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট সংকট বিদেশিদের কাছে ফলাও করে প্রচার করতে চায় বিএনপি। তাই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ঢাকাতে থাকা অবস্থাতেই ব্যাপক শোডাউনের মাধ্যমে একদফার ঘোষণা দিতে যাচ্ছে দলটি।
সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতিসভা। ঢাকা বিভাগের অন্তর্গত জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিগত নির্বাচনে ঢাকা বিভাগের অধীন প্রতিটি সংসদীয় আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রথম দুজন প্রার্থীকে নিয়ে রোববার বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড। সেখানে সংশ্লিষ্ট নেতাদের ঢাকার সমাবেশে সর্বোচ্চ লোক সমাগমের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মহানগরের প্রতিটি থানাকে সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি ঘটানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অঙ্গ-সহযোগী সংগঠনকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য জেলায় নির্দেশ না দিলেও অনেকেই সমাবেশে যোগ দেবেন। দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির সমমনা দলগুলোও তৎপর। বিগত সময়ে সমমনা দলগুলো যেখানে কর্মসূচি পালন করেছে এবারও তারা প্রায় একই স্থান থেকেই একদফার ঘোষণা দেবেন। তবে জামায়াতে ইসলামী ওইদিন একদফা ঘোষণা দেবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এক সংবাদমাধ্যমকে বলেন, ওইদিন ঘোষণা না দিলেও তারা একদফাকে সমর্থন জানাবে। একইদিন না হলেও দাবি আদায়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে তারা।
জাতীয়তাবাদী সমমনা ১১ দলীয় জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সংবাদমাধ্যমকে বলেন, বুধবার বিজয়নগর কালভার্ট রোডে সমাবেশ থেকে একদফার ঘোষণা করা হবে। এরপর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে কর্মসূচি শেষ করা হবে।
একদফা ঘোষণার আগে গণতন্ত্র মঞ্চ, এলডিপি ও লেবার পার্টির সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। সেখানে রাষ্ট্র সংস্কারের রূপরেখা চূড়ান্ত করা হবে। এরপর বিএনপির নীতিনির্ধারকরা বসে একদফার কর্মসূচি চূড়ান্ত করবেন। কর্মসূচি নিয়ে দুই ধরনের মত রয়েছে। কেউ কেউ বলছেন, বিদেশিরা দেশে থাকতে ঘেরাওয়ের মতো বড় ধরনের কর্মসূচি দেওয়া উচিত। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে অনেকে বলছেন, শুরুতে কঠোর কর্মসূচি দেওয়ার পর আবার বিক্ষোভ সমাবেশ কিংবা অনশন দেওয়া হলে তা নেতিবাচক প্রভাব পড়বে।
জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে এ সরকারের পতন। সেই লক্ষ্যে কয়েকদিনের মধ্যে একদফার আন্দোলন ঘোষণা করা হবে। সাধারণ জনগণ এবার সেই আন্দোলনে অংশ নেবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে জনগণ বাধ্য করবে।






















