।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন অটোরাইস মিলে সাঁওতাল সম্প্রদায়ের লিটন মুরমু (২৫) নামে এক শ্রমিক হত্যার ঘটনায় ক্লুলেস মামলার চারদিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ আগস্ট সকালে নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও গ্রামে সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন অটোরাইস মিলের সাইলো থেকে সেখানে কর্মরত শ্রমিক দিনাজপুর জেলার কাহারোল থানাধীন বিক্রমপুর গ্রামের মৃত কান্দেলা মুরমুর ছেলে লিটন মুরমুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিটন মুরমুর বড়ভাই বাবলু মুরমু বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এক পর্যায়ে পুলিশ সুপারের তদারকি ও দিক-নির্দেশনায় থানা পুলিশ গত ২৮ আগস্ট একই মিলে কর্মরত দিনাজপুরের বিরল থানাধীন কাশিডাঙ্গা এলাকার মোজাফফর আলীর ছেলে রাকিবুল ইসলাম (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাকিব জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে, লিটন মুরমুর সাথে গাঁজা সেবনকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও অশ্লীল গালিগালাজ করায় সে ক্ষিপ্ত হয়। পরে পাশে থাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে লিটনকে হত্যা করে এবং সাথে থাকা ৩ হাজার ৭শ টাকাসহ মানিব্যাগ নিয়ে মানিব্যাগসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল পাশের ডোবায় ফেলে দেয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক টাকা, মানিব্যাগ ও লোহার অ্যাঙ্গেল উদ্ধার করে পুলিশ।
এদিকে, মঙ্গলবার বিকেল ৫টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খানের কাছে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ প্রমুখ।






















