হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২’শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭’শ ৬৫ জন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী শিশু সন্তান আল সামী, সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মন্ডলের স্ত্রী আনোয়ারা (৪৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
রোববার (০১ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী শিশু ও দুই জন নারী মারা গেছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩’শ ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২’শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭’শ ৬৫ জন।
সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩’শ ১৪ জন। এর মধ্যে ১১ হাজার ৪’শ ৯০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।






















