।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলা চালিয়ে ২০১৬ সালে তিন শতাধিক মানুষ হত্যার ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ওই হামলায় শত শত মানুষ আহত হয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী একক বোমা হামলা। হামলাটির দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদাইনির কার্যালয় দণ্ডিত তিন ব্যক্তি পরিচয় প্রকাশ করেনি। তবে জানানো হয়েছে, গত রবি ও সোমবার তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।
সরকারি এক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার মাস্টারমাইন্ড হিসেবে আইএস নেতা গাজওয়ান আল-জাওবায়ে রয়েছেন দণ্ডিতদের মধ্যে। ২০২১ সালে গ্রেপ্তারের পর জাওবায়েকে ইরাকের কাছে হস্তান্তর করা হয়।
২০১৬ সালের ৩ জুলাই ইরাকের রাজধানীর শিয়া অধ্যুষিত এলাকা কারাডার এক ব্যস্ত শপিং সেন্টারের পাশে গাড়ি ভর্তি বিস্ফোরক উড়িয়ে দেয়া হয়। রমজান মাসের শেষ ইফতারের পর সেখানে ভিড় করেছিলেন তারা।
বিস্ফোরণের পর শুরু হওয়া অগ্নিকাণ্ডে বেশিরভাগ মানুষের প্রাণহানি ঘটে। এই বিস্ফোরণের জেরে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ গাব্বান। তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি জানান, হামলার মূল অপরাধী হচ্ছেন জাওবায়ে।





















