।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে এখন তদন্ত চালাবেন বাড়তি ক্ষমতা পাওয়া একজন বিশেষ পরামর্শক। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ঘোষণা দিয়েছেন। ফেডারেল আদালতের আইনজীবী ডেভিড ওয়েসকে এই পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গেল জুনে হান্টারের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করেছিলেন ডেভিড ওয়েস। এ ছাড়া হান্টার বাইডেন বাবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে হান্টারের বিরুদ্ধে তদন্ত শুরুতে চাপ দিয়ে আসছিল রিপাবলিকানরা।
শুক্রবার বিচার বিভাগে দেয়া আকস্মিক ঘোষণায় অ্যাটর্নি জেনারেল গারল্যান্ড জানান, সপ্তাহের শুরুতে ওয়েসিসের অনুরোধ পেয়ে তাকে বিশেষ পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ায় এই আইনজীবী তদন্ত চালাতে অতিরিক্ত ক্ষমতা পাবেন এবং সম্ভবত ডেলাওয়ারের বাইরে অন্য রাজ্যেও তার বিরুদ্ধে অভিযোগ আনতে সক্ষম হবেন।
গারল্যান্ড জানিয়েছেন, তদন্ত শেষ হলে প্রতিবেদন উপস্থাপন করবেন বিশেষ পরামর্শক। আর সম্ভব হলে ওই প্রতিবেদন প্রকাশ করবে বিচার বিভাগ।
কোনো মামলা পরিচালনায় তখনই বিশেষ পরমর্শক নিয়োগ করা হয় যখন সে মামলার সঙ্গে মার্কিন বিচার বিভাগের সংশ্লিষ্ট কেউ জড়িত থাকেন। আর মার্কিন বিচার বিভাগ সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী বিভাগের অধীনে পরিচালিত হয়। আর এ কারণেই হান্টার বাইডেনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিশেষ পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।
২০১৮ সালে ওয়েসিসকে ডেলোয়ারের অ্যাটর্নি নিয়োগ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক দিনের মাথায় ২০১৯ সালে হান্টার বাইডেনের বিরুদ্ধে ফৌজদারী তদন্ত শুরু করেন তিনি।






















