।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইউক্রেনের অন্যতম পরিচিত ফাইটার পাইলটসহ তিন পাইলট মাঝ-আকাশে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন। রুশ আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে কিয়েভে বিমান নিয়ে মুখোমুখি লড়াই করে বিখ্যাত হয়ে ওঠেন আন্দ্রি পিলচিকভ। এই পাইলটদের মৃত্যুকে দুঃখজনক এবং অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
উত্তর ইউক্রেনে বিধ্বস্তের এই ঘটনায় দুটি এল-৩৯ প্রশিক্ষণ প্লেন যুক্ত ছিল। শুক্রবারের এই ঘটনায় ফ্লাইট প্রস্তুতির নিয়ম সঠিকভাবে পালন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। জাইটোমির এলাকার বিস্ফোরণস্থলটি যুদ্ধক্ষেত্র থেকে শত শত মাইল দূরে অবস্থিত।
রাতের বেলা দেয়া প্রতিদিনকার ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাইলটদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষায় যারা কাজ করেছেন তাদের কাউকেই ভুলে যাবে না তার দেশ।
গত বছরের শরতে রাশিয়া যখন ইউক্রেনের ওপর শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে তখন সেগুলো প্রতিহত করার কাজে যুক্ত ছিলেন আন্দ্রি পিলচিকভ। মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে এসব অস্ত্র আঘাত হানার আগেই প্রতিহত করতে কাজ করেছেন। আর নিজের কাজ চালানোর মধ্যে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে পরিচিত হয়ে ওঠেন তিনি।





















