।।নিজস্ব প্রতিবেদক।।
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করে ইসি। বৈঠকে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা করার জন্য আন্তঃমন্ত্রণালয়ের মতামত নেয় কমিশন। নীতিমালা ‘যুগোপযোগী’ করার পাশাপাশি পর্যবেক্ষকদের নিজেদের যন্ত্রপাতি আনা ও কর অব্যাহতির বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ২১টি গাইডলাইন নিয়ে আলোচনা হয়েছে। পর্যবেক্ষকদের মানতে হবে এ গাইডলাইন।
এবার বিদেশি যেসব পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি (ব্যবহার বান্ধব) পর্যবেক্ষক নীতিমালা করতে ইসি আগ্রহী বলে জানান সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা এমন নীতিমালা করছি যা পর্যবেক্ষকদের জন্য ইউজার ফ্রেন্ডলি বা ব্যবহার বান্ধব হয়। এসব বিষয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে আমরা আরো বসবো। আরো কয়েকটা মিটিং লাগবে। তারপর খসড়া চূড়ান্ত করে কমিশনের অনুমোদনের জন্য দেয়া হবে। তিনি বলেন, খসড়া চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।
অশোক কুমার দেবনাথ আরও বলেন, বিদেশি পর্যবেক্ষক যারা আসবে তাদের নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা একদম প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং লাগবে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড তথ্য মন্ত্রণালয়সহ মিটিং করেছি। আজকে শুধুমাত্র ব্রেইন স্টর্মিং (মস্তিষ্কে ঝড়তোলা কার্যক্রম) হয়েছে, কোন সিদ্ধান্ত আসেনি।





















