মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পতাকা ও স্বাধীন ভূখন্ড দিয়েছেন। ঘাতকরা তাঁকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতির পিতার আদর্শকে মুছে দিতে চেয়েছে। প্রকৃতপক্ষে জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। খুলনাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ এর ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিভাগীয় শ্রম দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






















