।।স্পোর্টস ডেস্ক।।
বয়স ৩৮ বছর ছাড়িয়েছে, তবু সাফল্যের ক্ষুধাটা সেই আগের মতোই ক্রিস্তিয়ানো রোনালদোর। একটা গোল মিস হলে এখনো প্রতিক্রিয়া দেখান ২০ বছরের তরুণের মতো। দেখালেন আরো একবার। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ কিংবদন্তির জাদুতে নিজেদের ইতিহাসে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসর।
১০ জন নিয়েও রোনালদোর জোড়া গোলে আল হিলালকে তারা হারায় ২-১এ।
ছয় ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন রোনালদোই। কিন্তু টুর্নামেন্টসেরার পুরস্কার না পেয়ে ধরে রাখতে পারেননি নিজেকে। টুর্নামেন্টসেরা হয়েছেন আল হিলালের মিলাঙ্কোভিচ সাভিচ।
ঘোষণার পর আয়োজকদের সঙ্গে তাঁর কথা বলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় আঙুল দিয়ে দুই দেখচ্ছিলেন তিনি, অর্থাৎ বোঝাচ্ছিলেন ফাইনালে দুই গোল করার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর এমন আচরণের পক্ষে-বিপক্ষে চলছে জোর বিতর্ক। ব্যক্তিগত পুরস্কার না পাওয়া নিয়ে অসন্তোষ থাকলেও সৌদিতে প্রথম শিরোপা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দলকে প্রথমবার গুরুত্বপূর্ণ এই শিরোপা জেতানোর পথে সাহায্য করতে পারায় আনন্দিত আমি।
ফাইনালে বিরতির পর মাইকেলের গোলে এগিয়ে গিয়েছিল আল হিলাল। ৭০ মিনিটে ম্যালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে বিপদ আরো বাড়ে আল নাসরের। কিন্তু ১০ জন নিয়েই আল ঘানমের পাসে ৭৪ মিনিটে সমতা ফেরান রোনালদো। অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে পোস্টে বল প্রতিহত হলে ফিরতি বল জালে জড়িয়ে ঐতিহাসিক শিরোপা জয়ের নায়ক হন রোনালদোই।





















