মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ‘ সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত নই। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সাথে আছে। তাঁরা (বিএনপি) ভোট নস্যাৎ বা প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।
রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি উসিলা নিয়ে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নিসন্ত্রাস করছে। দেশের উন্নয়ন কর্মকান্ডকে নস্যাৎ করতে উঠে পড়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে রুখে দিতে হবে। দেশ পরিচালনায় ও শাসনে সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শান্তিতে আছে।
সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।
এ সময় বক্তব্য দেন- স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলিম , বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।
দেড় ঘন্টাব্যাপী সভায় বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। এ বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান তিনি। মন্ত্রী ও স্থলবন্দরের চেয়ারম্যান ফিরে যাওয়ার সময় শ্রমিকদের সিরিয়াল ঘরের সামনে বুড়িমারী স্থলবন্দরের অবৈধ একাধিক ট্রেড ইউনিয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন এ স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা। এ সময় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বিষয়টি দেখবেন বলে শ্রমিকদেরকে আশ্বস্ত করেন।
এর আগে বন্দরে পৌঁছলে পাটগ্রাম থানা পুলিশের একটি দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মন্ত্রী, সাংসদ ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা ফুলের শুভেচ্ছা জানায়।





















