শাহিনুর ইসলাম প্রান্ত
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার কমিটি গঠনের জন্য কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়েছে।কর্মী সভায় পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (১৮ অক্টোবর ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মহানগর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হবে।
এদিকে কর্মী সভার খবরে চাঙা হয়ে উঠেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহানুর ইসলাম সৌরভ বলেন, ‘ মহানগর ছাত্রলীগের কর্মী সভার তারিখ ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে কর্মী সভার মধ্য দিয়ে রংপুর মহানগর ছাত্রলীগের একটি স্মার্ট নেতৃত্ব আসবে এটাই প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২০ জুলাই শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর এই মেয়াদোত্তীর্ণ কমিটি গত ৪ জুলাই বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।





















