মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ই আগস্ট) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর পাশাপাশি আওয়ামী লীগসহ ও অন্যান্য সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) নুরুন্নাহার শাহজাদী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, নীল শতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অসহায় ও অসচ্ছল ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক ও হোসনে আরা বেগমের কোল আলো করে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।






















