।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের অদূরে অভিবাসী বোঝাই দুইটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু এবং আরও অন্তত ৩০ অভিবাসী নিখোঁজ রয়েছে। নৌকা দুইটি তিউনিসিয়ার একটি বন্দর থেকে ছেড়ে আসে। এর একটিতে ৪৮ এবং অপরটিতে ৪২ যাত্রী ছিল।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, তারা আইভরি কোস্টের এক নারী এবং তার এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া তিউনিসিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র উপকূলে ১০ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। তাদের ধারণা গত শুক্র ও শনিবার ঝড়ো বাতাসে নৌকা ডুবে যাওয়ার পর এসব মরদেহ উপকূলে ভেসে আসে।
তিউনিসিয়ার স্ফাক্স বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা অভিবাসীদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। এদের অধিকাংশই সাবা-সাহারা আফ্রিকার দেশগুলো থেকে এসেছে। নৌকাডুবির ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইতালি কর্তৃপক্ষ।






















