।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
কারাবন্দি রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালনি সমর্থকদের প্রতিরোধের আকাঙ্ক্ষা না হারানোর আহ্বান জানিয়েছেন। তার কারাদণ্ডের মেয়াদ আরও ১৯ বছর বাড়ানোর পর তিনি এই আহ্বান জানান। নাভালনির বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠা এবং অর্থায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
প্যারোলের শর্ত ভঙ্গ, জালিয়াতি এবং আদালত অবমাননার মামলায় আগে থেকেই নয় বছরের কারাদণ্ড ভোগ করছেন আলেক্সাই নাভালনি। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে মনে করা হয়। রুশ বিরোধী নেতার সবশেষ বিচার অনুষ্ঠিত হয়েছে এক দুর্গম বন্দিশিবিরে। সেখানে ২০২১ সাল থেকে আটক রয়েছেন তিনি।
রায়ের পর সমর্থকদের উদ্দেশ্যে এক্স প্লাটফর্মে দেয়া এক বার্তায় নাভালনি অকুতভয় মনোভাব দেখান। তিনি বলেন, ‘আমি নই, আপনারা ভয় পাচ্ছেন এবং প্রতিরোধের আকাঙ্ক্ষা হারাচ্ছেন। পুতিন কোনোভাবে লক্ষ্য অর্জন করতে পারবে না। প্রতিরোধের আকাঙ্ক্ষা হারাবেন না।’
এদিকে রায়ের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, নতুন এই দণ্ড রাশিয়ায় রাজনৈতিক উদ্দেশে বিচার ব্যবস্থাকে ব্যবহার এবং বিচারিক হয়রানি নিয়ে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে।
এক দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতা কেন্দ্রের দুর্নীতি উন্মোচনে কাজ করেছেন আলেক্সাই নাভালনি। তার অনুসন্ধানী ভিডিও অনলাইণে কোটি কোটি বার দেখা হয়েছে।




















