।।নেত্রকোনা প্রতিনিধি।।
দিন দিন নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি। গাছপালা কমে যাওয়ায় বাড়ছে প্রাকৃতিক বিপর্যয় ও নানা দুর্যোগ। আর এর বিরুপ প্রভাব পড়ছে মানুষসহ জীবজগতে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় টিউশনির টাকা অল্প অল্প করে জমিয়ে তা দিয়ে গাছের চারা কিনে নিজ এলাকায় বিতরণ করে যাচ্ছেন কলেজে পড়ুয়া এক হাজং যুবক।
এলাকায় পরোপকারী ও সমাজ উন্নয়নকর্মী হিসেবে পরিচিত এই যুবক হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের খুজিপাড়া গ্রামের বাসিন্দা অন্তর হাজং (২৮)।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলেও তিনি স্থানীয় কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০টি চারা তুলে দেন।
এ সময় কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান মো. সবুজ মিয়া, ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান, মহিলা ইউপি সদস্য ছালেহা খাতুন ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশনের সেক্রেটারি রুপিন্দ্র হাজংসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মো. সবুজ মিয়া বলেন, অন্তর হাজং একজন মানবিক মানুষ। তিনি এলাকার বিভিন্ন ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার প্রতিটি কাজই খুব প্রশংসনীয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে অন্তর হাজংয়ের সাথে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমবি অধ্যায়নরত। হতদরিদ্র পরিবারের সন্তান তিনি। বসতভিটাটুকু ছাড়া তাদের সহায় সম্পদ বলতে কিছুই নেই। তারা তিন ভাই, এক বোন। তার বাবা রুহিন্দ্র হাজং এবং মা হিন্দু বালা হাজং। বাবা-মা দিনমজুরি করে সংসার চালায়। অভাব-অনটনের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেড়ে ওঠা যুবক অন্তর হাজং। তাইতো এলাকার অসহায় ও দুঃখী মানুষের জন্য সব সময় তার মন কাঁদে। আর এসব দেখে ঘরে বসে থাকতে পারেন না তিনি। আর তাই তিনি কখনও নিজের সাইকেল বিক্রি করে, আবার কখনও বা অল্প অল্প করে সঞ্চিত তার টিউশনির টাকা খরচ করে সাধ্যমতো সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় জমানো টিউশনির টাকায় কেনা গাছের চারা বিতরণে নেমেছেন। এ পর্যন্ত তিনি দুর্গাপুর প্রেসক্লাবে ১০টি, খুজিগড়া গ্রাম ৫০টি, ললিত বিপিন হাজং ছাত্রাবাসে ১০টি, স্থানীয় মন্দিরে ১০, কুল্লাগড়া ইউনিয়নে ২০টি এবং এলাকার অন্যান্য স্থানে আরও ৫০টি সহ মোট
দুই শতাধিক গাছের চারা বিতরণ করেছেন।



















