।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে তড়িঘড়ি পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনা পাঠিয়েছে পোল্যান্ড। ওয়ারস দাবি করছে বেলারুশের সামরিক হেলিকপ্টার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে বেলারুশের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সেনা মোতায়েনের ন্যায্যতা তৈরিতে এই অভিযোগ আনা হয়েছে।
ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অন্যতম সমর্থক। এর আগেও পোল্যান্ডকে সতর্ক করেছেন বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সীমান্তে অতিরিক্ত সেনা ও যুদ্ধ হেলিকপ্টারসহ সরঞ্জাম পাঠিয়েছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়ে ন্যাটোকে অবহিত করেছে তারা। এছাড়া বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
ইউক্রেনে হামলা চালাতে রুশ সেনাদের বেলারুশ ভূখন্ড ব্যবহারের অনুমতি দিয়েছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তবে তার নিজের সেনারা এই যুদ্ধে জড়ায়নি। সাবেক সোভিয়েত রাষ্ট্রটির সঙ্গে পোল্যান্ডের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।





















