হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
সম্প্রতি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের কবি জসীমউদ্দিন হোস্টেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এ হামলার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজটির শিক্ষার্থীরা।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও কবি জসীমউদ্দীন হলের সুপার জিলাল হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান আওরঙ্গ, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কবিরুল ইসলাম কবির, মোহাম্মদ শোয়েব হোসেন, সদর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রানা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিম প্রমূখ।
এসময় বক্তারা, রাজেন্দ্র কলেজের কবি জসীমউদ্দিন হলে কতিপয় বহিরাগত দুষ্কৃতিকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হোস্টেল কক্ষে ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূক শাস্তির পাশাপাশি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও তারা অবিলম্বে কলেজটির হোস্টেল সংস্কারের দাবি জানান।
প্রসঙ্গ, গত ০৬ সেপ্টেম্বর সরকারি রাজেন্দ্র কলেজের কবি জসীমউদ্দিন হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা। এসময় অন্তত ১৫ জন শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হন।






















