।।স্পোর্টস ডেস্ক।।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে অন্যতম ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তাকে ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলা তো দূরের কথা, কানাডাতেই যেতে পারেননি আফিফ! যার কারণ ভিসা এবং টিকিট জটিলতা।
সারে জাগুয়ার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য ৮ অগাস্ট পর্যন্ত ছুটি চেয়েছিলেন আফিফ।
বিসিবি সেটা মঞ্জুরও করেছিল। গত রবিবার বিকেলে তার বিমানে ওঠার কথা থাকলেও ভিসা এবং টিকিট জটিলতায় তা আটকে যায়। পরে সেই সমস্যার সমাধান হলেও আফিফ আর বিমানে ওঠেননি। কারণ ৬ আগস্ট গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল।
হাতে সময় না থাকায় কানাডায় যাওয়ার পরিকল্পনা বাতিল করেন আফিফ।
এশিয়া কাপ এবং বিশ্বকাপ সামনে রেখে গতকাল সোমবার থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ২৩ বছর বয়সী আফিফ এখন সেই ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার বিসিবিতে এসে তিনি মেডিক্যাল টেস্টও করিয়েছেন।
আগামী বৃহস্পতিবার তার ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার কথা আছে। জাতীয় দলের ক্যাম্পে থেকেই তিনি অনুশীলন চালিয়ে যাবেন।





















