।।স্পোর্টস ডেস্ক।।
আর দুই মাস পরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রতিবেশী দেশে খেলা হওয়ায় নিঃসন্দেহে বাংলাদেশ কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে। চেনা কন্ডিশন, চেনা উইকেটে টাইগারদের প্রতি প্রত্যাশাও বেড়েছে সবার। এমনকি অন্য দেশের ক্রিকেটাররাও আশা করছেন, বাংলাদেশ এবারের বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে।
এমন কথাই বলেছেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেন লিগ খেলে আজ রবিবার দেশে ফিরেছেন বাংলাদেশের গতি তারকা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওঠে বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশ ওয়ানডেতে শক্তিশালী হওয়ায় অন্য দেশের ক্রিকেটাররাও আশাবাদী বলে জানান তাসকিন, ‘অনেকেই বলেছে (বিশ্বকাপ সম্পর্কে)।
তারাও আশাবাদী, আমরা এবার ভালো কিছু করব বিশ্বকাপে। গ্যারান্টি দিয়ে তো বলা যায় না। কিন্তু আমারও বিশ্বাস আমাদের যে সাইড, আর ভারতে খেলা… ইনশাআল্লাহ ভালো কিছু হবে বলে আমি আশাবাদী।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।
তাদের থেকে প্রশংসা পেয়েছেন বলে জানান তাসকিন, “ওখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অনেক দেশের অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়েছে। সবাই বলছিল, ‘ভালো উন্নতি হচ্ছে, ভালো করছ।’ পাশপাশি বিভিন্ন দেশের ক্রিকেটাররা জিজ্ঞেস করছিল, তাদের লিগের সময় আমি অ্যাভেইলেবল কি না? আমি বলেছি, এটা পরে জানাব। কারণ যেহেতু আল্লাহর রহমতে তিন ফরম্যাট খেলি, সব সময় অ্যাভেইলেবল থাকা কঠিন।”






















