।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
বার থেকে বের করে দেয়ায়, সেই বারে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন এক পুরুষকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী স্যান লুইস রিও কলোরাডো শহরে ওই হামলায় ১১ জন নিহত হয়েছেন। ওই বার থেকে সীমান্তের দূরত্ব মাত্র একটা সড়ক।
কর্তৃপক্ষ বলছে, বের করে দেয়ার কিছুক্ষণ পরে এক মাতাল তরুণ পুরুষ বিয়ার হাউস বারে একটি মলোটোভ ককটেল ছুড়ে মারে। বের করে দেয়ার আগে নারীদের হয়রানি করছিলেন ওই পুরুষ। শনিবার দুপুরে স্যান লুইস রিও কলোরাডোর মেয়র টুইট বার্তায় জানান, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী নিহত হয়েছেন। এছাড়া আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনোরা স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের কয়েকজনকে দ্রুত সীমান্ত পার করিয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তরুণ ওই পুরুষ দর্শনের ব্যক্তিটি বারে নারীদের অসম্মান করছিলেন এবং তাকে বের করে দেয়া হয়েছিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, যে জিনিসটি ছুড়ে মারা হয়েছে তা একধরনের মলোটোভ ককটেল। ‘ঘটনাপ্রবাহ স্পষ্ট করতে’ তদন্ত চলছে এবং বিচারের আওতায় আনা হবে। সোনোরাতে কেউই আইনের ঊর্ধ্বে নয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
ওই ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্রের কোনো যোগসাজশ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে মেক্সিকোতে বছরের পর বছর জুড়ে এসব চক্র সক্রিয় রয়েছে।





















