।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্য বিভাগ নিপাহ ভাইরাস নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সোমবার কোজিখোদে জেলায় দুইটি অস্বাভাবিক মৃত্যুর পর সংশ্লিষ্ট এলাকায় এই সতর্কতা জারি হয়। ওই দুইটি মৃত্যুর জন্য নিপাহ ভাইরাস সংক্রমণকে সন্দেহ করা হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সোমবার রাতে স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই দুটি মৃত্যুর ঘটনা জানানো হয়। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাদের এই মৃত্যুর জন্য নিপাহ ভাইরাসকে দায়ী মনে করছেন তারা।
নিহতদের মধ্যে একজনের আত্মীয়কেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
২০১৮ ও ২০২১ সালেও কোজিখোদে জেলায় নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া যায়। দক্ষিণ ভারতে প্রথম নিপাহ ভাইরাসের সংক্রমণের কথা জানা যায় ২০১৮ সালে ১৯ মে কোজিখোদে জেলায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষে ছড়ায়। দূষিত খাবার কিংবা সরাসরি মানুষ থেকে মানুষেও এই সংক্রমণ ছড়াতে পারে।
আক্রান্ত ব্যক্তিরা নানা ধরনের অসুস্থতায় পড়তে পারেন। মারাত্মক সংক্রমণ থেকে শুরু করে শ্বাসকষ্ট হতে পারে। যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এছাড়া এই ভাইরাস খামারের ওপরেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।





















