।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে শুক্রবার বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের ১৩ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিতসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এতে আরও জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় নিকলিতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।





















