।।নিজস্ব প্রতিবেদক।।
ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন।
এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কব্জি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বোমা বিস্ফোরণে যুবকের হাতের কব্জি উড়ে যাওয়ার ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- আবদুল আজিজ, আহত যুবক আবদুল্লাহ আল নোমান ও আজিজের বড় ভাই মোমিনুল হকসহ অজ্ঞাতনামা ২/৩ জন।





















