আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে ৩শ কোটি ডলার অনুমোদন দিয়েছে আইএমএফ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ জুলাই ২০২৩ @ ১০:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুলাই ২০২৩@১০:২২ পূর্বাহ্ণ
পাকিস্তানে ৩শ কোটি ডলার অনুমোদন দিয়েছে আইএমএফ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পাকিস্তানের জন্য তিনশ কোটি ডলারের সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড। সংকট কবলিত দেশটি প্রাথমিক অবস্থায় একশ ২০ কোটি ডলার পাবে আর বাকি অর্থ পরের নয় মাসে ধাপে ধাপে দেয়া হবে।

দক্ষিণ এশিয়ার দেশটি ঋণখেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এছাড়া তাদের কাছে মাত্র এক মাসের আমদানি ব্যয় মেটানোর বৈদেশিক মুদ্রা রয়েছে। চলতি সপ্তাহে দেশটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো মিত্রদের কাছ থেকে তহবিলের যোগান পেয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, অর্থনীতি স্থিতিশীল করতে আইএমএফ সহায়তা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, এই সহায়তা তাৎক্ষণিক এবং মধ্য মেয়াদে অর্থনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করতে পাকিস্তানের অর্থনীতিকে শক্তি যোগাবে।

আইএমএফ এর সঙ্গে দীর্ঘ আট মাস তীব্র দরকষাকষির পর সহায়তা চুক্তি সই করতে সক্ষম হয় পাকিস্তান। পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে নানা পদক্ষেপের জন্য চাপ প্রয়োগ করতে থাকে আইএমএফ। দেশটি বৈদেশিক ঋণদাতাদের অর্থ ফেরত দিতে অক্ষম হয়ে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

গত বছর ভয়াবহ বন্যার পর থেকে পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হতে থাকে। অতি মূল্যস্ফীতির পাশাপাশি আর্থিক অব্যবস্থাপনার কারণেও নানা সমস্যার মুখে পড়ে দেশটি।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে দুইশ কোটি ডলার জমা দিয়েছে। বুধবার অর্থমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকেও একশ কোটি ডলার পাওয়া গেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ