রফিক প্লাবন
দিনাজপুর।।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রেম ঘটিত বিষয়ে আলোচিত হত্যা মামলার পলাতক আসামী মোঃ আইয়ুব আলী (৩৩) কে ঢাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ জুলাই) রাতে র্যাব-১৩ সিপিসি-১ (দিনাজপুর) এবং র্যাব-২ সিপিসি-২ (বসিলা মোহাম্মদপুর) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা এই আসামিকে ঢাকা জেলার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আইয়ুব আলী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের মো. মোত্তালেব হোসেন এর ছেলে। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার হয়বৎপুর গ্রামের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলতাব হোসেন এর মেয়ের সাথে একই গ্রামের প্রতিবেশী ইউনুস আলী(২২) এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের প্রেমের সম্পর্ক মেয়ের অভিভাবক জানতে পেরে সম্পর্ক মেনে না নিয়ে মেয়েকে প্রায় ৬ মাস পূর্বে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এরপরও তাদের দুজনের প্রেমের সম্পর্ক বিদ্যমান থাকে। ফলে উক্ত ঘটনার জের ধরে কৌশলে গত ১৬/৬/২০২৩ তারিখে রাত আনুমানিক ১১ টায় প্রেমিকার পিতা তার মেয়েকে দিয়ে ভিকটিম ইউনুস আলীকে তার বাড়িতে ডেকে এনে পূর্ব পরিকল্পিতভাবে প্রেমিকার পিতাসহ অন্যন্য আসামীরা ভিকটিমকে মারপিট করে গুরুতর আঘাত করে হত্যা করে লাশ ফেলে রাখে। পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ মাহাবুর রহমান (৫২) বিষয়টি জানতে পেরে পার্বতীপুর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের লাশ উদ্ধার করে এবং তিনি নিজেই বাদী হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে ঘটনাটি নিয়ে র্যাব গোয়েন্দা অনুসন্ধান শুরু করে পলাতক এই আসামীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ আইয়ুব আলী হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে। তাকে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






















