হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গায় দু’টি লোকাল বাসে তল্লাশি চালিয়ে জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা ঢাকার মহাসমাবেশ থেকে ভাঙ্গা হয়ে বাড়ি ফিরছিলেন।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১ টার দিকে তাদের আটকের বিষয়টি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৭ অক্টোবর) দিনগত গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় দু’টি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা ফরিদপুরের ভাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার জামায়াত ও বিএনপির নেতাকর্মী। তারা, ঢাকার মহাসমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা, ঢাকার মহাসমাবেশ থেকে দুটি লোকাল বাসে করে বাড়ি ফিরছিলেন। সন্দেহ হলে, জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করেছেন তারা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। এছাড়া যাঁচাই-বাছাই করে দেখা হয় তারা সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি।
ওসি জানান, আটকদের রবিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।






















