মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অষ্টম ধাপের প্রথম দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের রামপুর-গৌরীপুর সড়কের বেখৈরহাটি বাজার সংলগ্ন এলাকায় এ ঝটিকা মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান।
এ সময় বিভিন্ন যানবাহন আটকে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি তার বক্তব্যে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে সিইসি’র পদত্যাগসহ তফসিল বাতিলের দাবি জানান।





















