আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাকিবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন এমপি শিখর

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৭ নভেম্বর ২০২৩ @ ০৬:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৩@০৭:১৪ অপরাহ্ণ
সাকিবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন এমপি শিখর

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আজ সোমবার (২৭ নভেম্বর) মোবাইল ফোনে বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। নেত্রী আমাকে নৌকা আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত ফেরত দেওয়ার দায়িত্ব আমার। ফলে সাকিব এখানে কোনো বিষয় না, (নৌকা) যাকেই দিত, আমি আমার সর্বোচ্চ যতটুকু করার, আমি তাঁর জন্য করতাম। সাকিবের জন্যও আমার যতখানি যা করার আমি করব। এটা নিয়ে সাকিবের টেনশন (চিন্তা) করার কিছু নেই।’

সাইফুজ্জামান শিখর আরও বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, তাঁর বাবার সঙ্গেও কথা হয়েছে। তাঁদের বলেছি, এটা আওয়ামী লীগের মনোনয়ন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন।’

দলীয় সূত্রে জানা গেছে, মাগুরা–১ আসনে (মাগুরা সদর ও শ্রীপুর) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অনুসারী।

আজ সোমবার বিকালে সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আমাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সাকিবের জন্য কাজ করতে। আমরা সেই কাজই শুরু করেছি।’

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত বলেন, ‘সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আমাদের বলেছেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। আমরা হয়ত আগামীকালই মিটিং ডেকে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম শুরু করব।’

২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শিখর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তাঁর বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ