মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শ্রাবণী দেবনাথ নামের এক শিক্ষার্থী বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের নিজামপুর নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্রাবণী নিজামপুর নাথপাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথের মেয়ে।
পরিবারের বরাতে জানা গেছে, শ্রাবণী ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রবিবার সকালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর সে জানতে পারে তার ফল খারাপ (অকৃতকার্য) হয়েছে। বিষয়টি জানার পর দুপুরের দিকে পরিবারের লোকজনের অগোচরে নিজেদের বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না লাগিয়ে সে আত্মহত্যা করে।
ঘটনার খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক জানান, এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।





















