।।নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে ডুবে মো. ওমর (৪) ও সাদিয়া আক্তার জাইফা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে করপাড়া ও চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া হরিচ্ছর গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেনের মেয়ে। অপর নিহত ওমর একই উপজেলার করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে।
নিহত ওমরের বাবা হামিদুর রহমান বলেন, আমি ঘটনার সময় বাজারে ছিলাম। ওমর একা ঘরে খেলছিল। তার মাও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় তার মায়ের অগোচরে ওমর ঘর থেকে বের হয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
সাদিয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, দিনমজুরির পাশাপাশি আমি একটি স্কুলে দপ্তরির কাজ করি। এজন্য সারাদিনই ব্যস্ত থাকতে হয়। স্কুলে কাজ করতে গিয়ে শুনতে পাই, মেয়েটি পানিতে ডুবে মারা গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাগুলো কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।






















