তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।
মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শেষ হলেও শহরের নতুন বাজার ও ছানার বটতলায় মেলা চলবে আরো এক সপ্তাহ।
গত বুধবার বিজয় দশমীর মধ্য দিয়ে এ পূজা শেষ হয়েছে। এ পূজায় উৎসবের আমেজ ছিল গোটা শহর জুড়ে।
প্রতিবছর শারদীয় দুর্গাপূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
কাত্যায়নী উৎসব উপলক্ষে প্রতিবছর লাখো মানুষের ঢল নামে মাগুরায়। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন ঘটে এ উৎসবে।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা অংশ নেন। আসবাবপত্র, বস্ত্র, শাড়ি, কম্বল, খেলনা, স্টেশনরি ও জুতাসহ বিভিন্ন পণ্যের প্রায় কয়েকশত স্টল বসে এ মেলায়। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও স্থান পেয়েছে এবারের মেলায়।
তবে এ বছর রাজনৈতিক দলের হরতাল অবরোধের কারণে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীর উপস্থিতি কম বলে মনে করছেন আয়োজকরা। তবে মেলায় ভিড় দেখা গেছে বলে জানান স্থানীয়রা।





















