।।বগুড়া প্রতিনিধি।।
পারিবারিক কলহে বগুড়ার আদমদীঘিতে সাইফ ওরফে বিষ্ণু (২৪) নামের এক নওমুসলিম এবং খলিলুর রহমান (৪০) নামের এক অটোচালক আত্মহত্যা করেছেন। পৃথক ঘটনায় থানায় দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আদমদীঘি থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
আগেরদিন বুধবার রাতে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে কোচিং সেন্টারের শিক্ষক নওমুসলিম সাইফ। সান্তাহার পৌর শহরের রথবাড়ি মিশন স্কুলের পাশে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে অটোচালক খলিলুর।
স্থানীয় সুত্র জানায়, নওমুসলিম সাইফ উপজেলার সান্তাহার কাশিমিলা প্রসাদখালী এলাকার এক হিন্দু পরিবারে ছেলে। তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। দুই বছরপূর্বে সাইফ ওরফে বিষ্ণু হিন্দু ধর্ম ত্যাগ এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। সান্তাহার রথবাড়ি এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। স্ত্রী তৃষার সাথে বনিবনা না হওয়ায় প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই থাকতো। ঘটনার রাতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, নওমুসলিম সাইফের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অটোচালক খলিলুরের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।






















