আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, আহত ২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ নভেম্বর ২০২৩ @ ০৫:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৩@০৫:৪২ অপরাহ্ণ
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, আহত ২

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত এবং দুই টিকটকার আহত হয়েছেন। নিহত সরোয়ার আলম (৫২) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য-রামচন্দ্রপুর এলাকার মৃত শামসুল হুদার ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা এলাকার শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন সাবেক সেনা সদস্য সরোয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করে।

এরআগে বুধবার বিকেলে পৌর এলাকার কালিকাপুর সেলিনা ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে চলন্ত মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া এলাকার আব্দুল হাই-এর ছেলে মোটরসাইকেল চালক আলহাজ্ব হোসেন (১৮) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মামুন আহমেদ (১৮)।

স্থানীয়রা জানান, তারা দুজনই টিকটকার। সিংড়া থেকে রণবাঘা এসে টিকটক করে একটি পালসার মোটরসাইকেল (বগুড়া-ল ১৩-২০০৪) নিয়ে নন্দীগ্রাম আসার পথিমধ্যে মহাসড়কে নাটোরগামী চলন্ত একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৩৪৭২) মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, সাবেক সেনা সদস্য সরোয়ার চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা মহাসড়ক থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন। পৃথক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ