।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। গতকাল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাগচী বলেন, ‘আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি.. দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় মুখপাত্র বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে’।
অরিন্দম বাগচী বলেন, ঢাকায় হাইকমিশনের মাধ্যমে ভারত সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে ‘সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’






















