।।বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ৫৬ জেলেদের মাঝে লাইফ বয়া বিতরণ করেছেন কারিতাশ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে তালতলী কারিতাশ কার্যালয়ে এ সরঞ্জাম বিতরণ করা হয়।
কারিতাশ বরিশাল অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ডিএম সম্রাট সেরাও এর সভাপত্বিতে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা, মেরিন ফিশারিজ অফিসার অলিউল্লাহ শুভ, ইউপি সদস্য ইসমাইল ফরাজী প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, ইলিশ ধরতে উপকূলের জেলেদের নদীতে ও গভীর সমুদ্রে যেতে হয়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু সেই ঝুঁকি মোকাবেলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট, বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলার ডুবিতে নিহত হতে হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে জেলেদের মাঝে লাইফ বয়া বিতরণ করা হয়। এতে জেলেরা নিরাপদে মাছ শিকার করতে পারবেন।
উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার বড়বগী ও সোনাকাটা ইউনিয়নের মোট ১ হাজার জেলের মাঝে লাইফবয়া বিতরণ করা হবে। এছাড়াও সল্পমূল্যে লাইফবয়া তৈরির লক্ষ্যে তৌহিদ প্লাষ্টিক স্টোরকে লাইফবয়া তৈরির জন্য একটি ডাইচ প্রদান করেন।






















