নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। বিপরীতে ঘোষিত তফসিল প্রত্যাখান করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি।
বুধবার (১৫ নভেম্বর) রাতে ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনাপাড়, নতুন বাজার ও টাউন হল সহ কয়েকটি সড়কে আনন্দ মিছিল বের হয়। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা।
এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তিনি।

এদিকে তফসিল ঘোষণার পরপরই স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতারা যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা, নৈরাজ্য প্রতিরোধ করার কথা জানান তারা।
এদিকে ঘোষিত তফসিল প্রত্যাখান করে মহানগরীর বলাসপুর ও খাগডহর এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।






















