হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথায় ট্রাক চাপায় মো. নজরুল মাতুব্বর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-সালথা সড়কের দরগাগট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মোজাহার মাতুব্বরের ছেলে। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক।
নিহতের পরিবার জানান, নজরুলের একটি গরুর খামার রয়েছে। তিনি প্রতিদিন সালথা বাজারে গিয়ে দুধ বিক্রি করেন। শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দরগা গট্টি মোড়ে পৌঁছালে ফরিদপুর দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নজরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে দেয় স্থানীয়রা। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





















