নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
২০২৩-২০২৪ অর্থবছরে ৫৭২ কোটি ১১ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এর মধ্যে রাজস্ব বাজেট ১১১ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৪৬০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাজেট সভা অনুষ্ঠিত হয়। এসময় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিপরীতে সংশোধিত বাজেট পাশ হয়।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ৪৫ কোটি ২২ লক্ষ, শিক্ষা খাতে ব্যয় ৮৩ লক্ষ ৫৫ হাজার, স্বাস্থ্য খাতে ব্যয় ৩ কোটি ৬৬ লক্ষ, পরিচ্ছন্নতা খাতে ২৬ কোটি ৩৪ লক্ষ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ৯ কোটি, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়নে ১ কোটি ২০ লক্ষ, বিবিধ খাতে ৪ কোটি ৬৪ লক্ষ, পানি শাখায় ৪ কোটি ২৩ লক্ষ এবং উন্নয়ন হিসেবে ৪৬০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। একই সাথে সভায় ২০২২-২৩ অর্থবছরের ৪১৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪০৭ কোটি ৯৪ লক্ষ টাকার সংশোধিত বাজেট পাশ হয়।
এর আগে সকাল ১১ টায় সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের ২২ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। ২১ তম সভার সিদ্ধান্তসমূহ দৃঢ়ীকরণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, অবৈধ স্থাপনা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও কাউনন্সিলরবৃন্দ, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভাগ ও শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।






















