নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ জংসন রেলস্টেশনে বহাল রাখার দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ের সার্বিক উন্নয়নসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এই দাবি জানান।
এসময় বিএমএ জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, জনউদ্যোগের সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে ময়মনসিংহ-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হয়। সম্প্রতি বিভিন্ন মধ্যমে জানা যাচ্ছে ট্রেনটি জামালপুর থেকে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজয়ের মাসে যাত্রা করা ‘বিভায় এক্সপ্রেস’ এর স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহ স্টেশনে বহাল রাখা হোক- এই দাবীটি ন্যায় সংগত।
বক্তারা আরও বলেন, শেরপুর জেলাকে রেল সংযোগের আওতায় এনে জামালপুর-শেরপুর থেকে চাহিদা মোতাবেক চট্টগ্রাম-কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন চালু করা হোক- এটি জনউদ্যোগের পুরনো দাবী। এই দাবী বাস্তবায়ন হলে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেসের মতো ময়মনসিংহের যাত্রীরাও এর সুফল পাবে। দেশের অন্যতম প্রাচীন জেলা হিসেবে ময়মনসিংহ তথা ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাকে রেলের উন্নত ও আধুনিক সেবার সাথে যুক্ত করা এখন সময়ের দাবী।






















