মুহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।।
ইউপি চেয়ারম্যান কর্তৃক সংখ্যালঘুর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা ৪ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নির্যাতিত সাংবাদিক শফিউল আলম রাজীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দেবিদ্বার উপজেলার ৮ নং ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম(৩৫), উপজেলার খয়রাবাদ গ্রামের ফজলুল হকের পুত্র বিল্লাল গাজী(৩৩) ও আফসান রুবেল(২৭)কে নামে এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে অভিযুক্ত করা হয়।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. বেলাল মামলাটি নিয়ে পিবিআইকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ওই হামলার ঘটনায় দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা দায়েরের আশ্বাস দিয়ে কালক্ষেপন করে। মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করে দেয়নি। ফলে ওই মোবাইল ফোন থেকে রাজীবের পারিবারিক ছবি নিয়ে বিভিন্নজনকে জড়িয়ে এডিট করে অশালীন ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে সম্মানের হানী অব্যাহত রেখেছে।
গত ৩১ আগস্ট সাংবাদিক শফিউল আলম রাজীব- বিরোধি দলের অবরোধের সংবাদ সংগ্রহ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ’র ইন্টারভিউ নিতে উপজেলা পরিষদে তার সরকারী বাসভবনে (গোমতীতে) গেলে উপজেলা চেয়ারম্যানের সামনেই তাকে অকথ্যভাষায় গালমন্দ, মারধর করাসহ মোবাইল ছিনিয়ে নেয়।






















